প্রতিরোধ ও দ্রুত শনাক্তকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে চান ডা. জুবাইদা রহমান
দেশের কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকেন এবং বিশেষ করে ক্যানসার আক্রান্তরা যেন কোনোভাবেই অবহেলার শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে (ক্যানসার কংগ্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশ-বিদেশের খ্যাতিমান ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া’।
বক্তব্যে ডা. জুবাইদা রহমান ক্যানসার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো শুরুতেই রুখে দেওয়া এবং দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে দেশের শহর ও গ্রাম—উভয় অঞ্চলের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন, যাতে প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় করে মূল্যবান প্রাণ বাঁচানো সম্ভব হয়।
স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ক্যানসারের মতো জটিল রোগের প্রাথমিক সচেতনতা ও সেবা কেবল শহরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় পর্যায়ের হাসপাতালগুলোতেও এই সেবা পৌঁছে দিতে হবে। বর্তমানে দেশের অনেক নারীই প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবধান মূলত স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্যেরই প্রতিফলন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব।
সম্মেলনের সমাপনী অংশে ডা. জুবাইদা রহমান চিকিৎসা পেশার মানবিক দিকটি স্মরণ করিয়ে দিয়ে চিকিৎসকদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসকদের কেবল পেশাগত দায়িত্ব হিসেবে নয়, বরং গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যেতে হবে। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞান দেশের ক্যানসার চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



