স্বাস্থ্য অর্থায়ন ও আর্থিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নতুন উদ্যোগ

চিকিৎসাব্যয় কমিয়ে আনা এবং স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্যসেবার পথ সুগম করতে নীতিগত সংস্কার, স্বাস্থ্যবিমা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠকে এই সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আলোচনায় নিজ পকেট থেকে নাগরিকদের অতিরিক্ত চিকিৎসাব্যয় কমানো, আকস্মিক চিকিৎসা ব্যয়ে পরিবারের আর্থিক বিপর্যয় ঠেকানো এবং স্বাস্থ্যব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কারের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। ড. জিয়াউদ্দিন হায়দার সরকারের স্বাস্থ্য সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরে একটি ন্যায়সংগত ও জনবান্ধব অর্থায়ন কাঠামো তৈরির তাগিদ দেন, যাতে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

আলোচনায় ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থার অভিজ্ঞতা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার কৌশলগুলো বিশেষভাবে পর্যালোচনা করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে মিলিয়ে ইন্দোনেশিয়ার কার্যকর মডেলগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে জ্ঞান, অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যা উদ্ভাবনী অর্থায়ন কৌশল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

উভয় দেশের প্রতিনিধিদলে নীতি ও কারিগরি পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার পক্ষে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান এবং ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সংশ্লিষ্টদের মতে, এই পারস্পরিক সহযোগিতা দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে একটি অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।