দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

বিজ্ঞাপন · inarticle_1

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এছাড়া নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৬৭ জন এবং বাকিরা বিভিন্ন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। এর আগে ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।