যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আর কখনোই ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

গালিবাফ জানান, আট মাস ধরে চলা সংঘাত নিরসনে তেহরানের দেওয়া সাত দফা শান্তি প্রস্তাবের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ জলপথের তদারকি ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালিতে কোনো মুক্ত বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন এখানে প্রযোজ্য নয়। প্রণালিটির ভেতরের যাবতীয় বিধিবিধান এখন থেকে এর সীমান্তবর্তী দুই উপকূলীয় দেশ ইরান ও ওমানের নিজস্ব আইনে নিয়ন্ত্রিত হবে।

বিজ্ঞাপন · inarticle_1

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ইরানের এই শীর্ষ নেতা জানান, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তেহরান তাদের স্পষ্ট জবাব পাঠিয়ে দিয়েছে, যেখানে শান্তি আলোচনার সাতটি শর্ত উল্লেখ রয়েছে। এখন তারা ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছেন। গালিবাফের ভাষায়, ‘বল এখন আমেরিকার কোর্টে।’

ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ করা অর্থ ছাড়, সব ফ্রন্টে সামরিক লড়াই বন্ধ এবং যুদ্ধের সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা। তিনি উল্লেখ করেন, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবেই এসব দাবি জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগেই এগুলো বাস্তবায়ন করা জরুরি।

ওয়াশিংটনের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে অতিরিক্ত কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস সৃষ্টিকারী আচরণ পরিহার করে কেবল সম্মত বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি আরও দাবি করেন, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

ইরানের ওপর নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্পিকার গালিবাফ বলেন, এমন পদক্ষেপ নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি পরাজয় এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়বেন। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

এদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এই বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইয়েমেন সরকার ও সৌদি আরব উভয়েই যদি আনুষ্ঠানিকভাবে সহায়তা চায়, তবে এই সংঘাত নিরসনে ইরান অবশ্যই মধ্যস্থতা ও সহযোগিতা করবে। উল্লেখ্য, গত অক্টোবরে সৌদি আরবে প্রাণঘাতী হামলার পরও তেহরান রিয়াদ ও হুথিদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছিল।