ভারতের রাজস্থানের জয়পুরে সাত বছর আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বিজয় বাজিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নিহত কৈলাশ নামের এক ব্যক্তির ছেলে হানিশ, যিনি তার সহযোগীদের নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করেন।
বৃহস্পতিবার (১২ নম্বর) রাজস্থান পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে অপরাধের রেকর্ড থাকা বিজয় বাজিয়া একটি মদের দোকানে কৈলাশকে খুন করেছিলেন। ওই হত্যা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পান বিজয়। তবে কারাগার থেকে বের হওয়ার পর থেকেই কৈলাশের ছেলে হানিশ বিজয়ের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন এবং এর আগে একাধিকবার তার ওপর হামলারও চেষ্টা চালিয়েছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে হানিশ এবং তার তিন সহযোগী—যুবরাজ চৌধুরী, দীনেশ ও কমলেশ একটি ক্যাম্পার ভ্যানে করে বিজয়ের পিছু নেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিজয় যখন কালওয়ার এলাকায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন, তখন হামলাকারীরা তাদের ভ্যান দিয়ে বিজয়ের গাড়িতে সজোরে ধাক্কা দেন। গাড়িটি থামতে বাধ্য হলে বিজয় পালানোর চেষ্টা করেন, কিন্তু হানিশ কুড়াল হাতে তাকে ধাওয়া করে উপর্যুপরি কোপান। হামলা এতটাই নৃশংস ছিল যে বিজয়ের মাথার খুলিতে কুড়াল গেঁথে যায়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পশ্চিম অঞ্চলের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) প্রশান্ত কিরণ জানান, রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পথচারীদের ধারণ করা ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ক্যাম্পার গাড়িটির নিবন্ধন নম্বর শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযান চালিয়ে ভোর ৪টার মধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ও কুড়াল জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চার অভিযুক্তের মধ্যে হানিশ ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই। এটি স্পষ্ট যে, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা এবং পিতার হত্যার প্রতিশোধ স্পৃহাই ছিল এই হত্যাকাত্রের মূল কারণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন এবং পালানোর কোনো পথ না পেয়ে তারা থানায় আত্মসমর্পণের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানান।
উল্লেখ্য, নিহত বিজয় ও কৈলাশের বাড়ি একে অপরের থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত। অতীতে দুই পরিবার একসঙ্গে বসবাস করলেও পরবর্তীতে তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কৈলাশ একসময় বিজয়কে হত্যার চেষ্টা করেছিলেন এবং তার জবাবে ২০১৯ সালে বিজয় কৈলাশকে খুন করেন। সেই থেকেই কৈলাশের পরিবার এই দিনটির অপেক্ষায় ছিল। সহকারী পুলিশ কমিশনার (এসিপি) শিব কুমার ভরদ্বাজ এবং কারধানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) সাওয়াই সিংয়ের নেতৃত্বে যৌথভাবে এই পুরো অভিযান ও তদন্ত পরিচালিত হয়।



