ভারতের মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন স্পর্শ ও যৌন হয়রানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এক তরুণীকে। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রেনের চাকায় কাটা পড়ে নিজের বাঁ হাত হারিয়েছেন ওই তরুণী; পাশাপাশি তার মাথায় দিতে হয়েছে ১৬টি সেলাই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনায় জিতেন্দ্র হিরমুখে (৫৩) নামের মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জিতেন্দ্র মুম্বাইয়ের নাইগাঁও পূর্ব এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী, বোরিভালি থেকে ভিরারগামী একটি লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি। যাত্রাপথে অভিযুক্ত জিতেন্দ্র হিরমুখে তাকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকেন। এর প্রতিবাদে তরুণী ক্ষুব্ধ হয়ে নিজের স্যান্ডেল ছুড়ে মারলে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় ট্রেনের অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং উল্টো নিজের স্যান্ডেল খুলে তরুণীর দিকে ছুড়ে মারেন।
ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও তাদের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে সজোরে ধাক্কা দিলে তিনি ট্রেনের দুটি বগির মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যান। তিনি প্রাণপণে প্ল্যাটফর্মে উঠে আসার চেষ্টা করার ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি চলতে শুরু করলে তার বাঁ হাত চাকার নিচে কাটা পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ও সহযাত্রীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ভিড়ের সুযোগে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও প্রযুক্তির সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
হাসপাতালের শয্যায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে ওই তরুণী বলেন, “নাইগাঁও স্টেশনের কাছাকাছি আসার পর লোকটি আমাকে যৌন হয়রানি শুরু করে। আমি প্রতিবাদ করি এবং জিজ্ঞাসা করি, আপনার বাড়িতে কি মা-বোন নেই? তবুও সে থামেনি। আমি স্যান্ডেল দিয়ে তাড়াতে গেলে সেও আমাকে স্যান্ডেল দিয়ে মারে এবং ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।”
নিজের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি ন্যায়বিচার চাই। আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে। এক হাত দিয়ে আমি কীভাবে সংসার চালাব? আমার মাথায় ১৬টি সেলাই পড়েছে। ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।”
এদিকে, প্রাথমিক মামলায় ‘হত্যার চেষ্টার’ (ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা) অভিযোগ যুক্ত না করায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে সংশয় ও ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী তরুণীর পরিবার। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতারা রেলওয়ে পুলিশের (জিআরপি) জ্যেষ্ঠ পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরলে মামলায় সংশ্লিষ্ট কঠোর ধারাগুলো দ্রুত যুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে।



