সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পবিত্র মক্কা অঞ্চলে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) এই ঘটনা ঘটে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর ও রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন ধ্বংসাবশেষ পড়ার স্থান দুটি শনাক্ত করেছে। এর মধ্যে একটি হলো মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং অন্যটি মসজিদ থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগমাস এলাকা।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল এবং সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস ও ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক স্থাপনা ও পবিত্র নগরীকে লক্ষ্যবস্তু করার এই শত্রুতামূলক আচরণ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হুথি মিলিশিয়াদের বিপজ্জনক আগ্রাসী নীতিরই প্রতিফলন।

অন্যদিকে, ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, তারা কেবল সৌদি আরবের অন্যান্য অঞ্চলে অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতেই অভিযান পরিচালনা করে। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের আবেগের কেন্দ্রবিন্দু মক্কা নগরীতে প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সমবেত হন।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির ফলে দীর্ঘদিন সংঘাত অনেকটা স্তিমিত ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে উভয় পক্ষের মধ্যে পুনরায় তীব্র লড়াই শুরু হয়েছে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এবং জবাবে রিয়াদও ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ এই সামরিক উত্তেজনা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তাকেও গুরুতর হুমকির মুখে ফেলেছে।