দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় চিকিৎসাকর্মী ও রোগীসহ আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে, হামলার পর নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে তাদের উদ্ধার, তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে। হামলায় হাসপাতাল ভবনের দ্বিতীয় তলাকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হতাহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। তাদের মধ্যে এমন কয়েকজন রোগী ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসার অপেক্ষায় তারা কয়েক দিন ধরে হাসপাতালের ভেতরেই অবস্থান করছিলেন এবং হামলার সময় ঘুমিয়ে ছিলেন। কোনো ধরনের পূর্বসতর্কতা বা স্থান ত্যাগের নির্দেশ ছাড়াই ইসরায়েলি বাহিনী আকস্মিক এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

খান ইউনিসে বর্তমানে সচল থাকা একমাত্র এবং গাজা উপত্যকার অন্যতম বৃহৎ এই চিকিৎসাকেন্দ্রটি দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা।

উল্লেখ্য, গত কয়েক বছরে নাসের হাসপাতাল সপ্তমবারের মতো ইসরায়েলি হামলার শিকার হলো। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুবার বোমা হামলা চালানো হয়েছিল, যাতে পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হন। বারবার কোনো সতর্কবার্তা ছাড়াই চিকিৎসাকেন্দ্রটিতে হামলা চালানোয় স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে।