কানাডায় কর্মরত অস্থায়ী বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের এক বিশাল সুযোগ তৈরি হতে যাচ্ছে। দেশটির সরকারের নতুন এক বিশেষ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা স্থায়ী বাসিন্দা (পিআর) হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের জাতীয় বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন এবং পরবর্তীতে ২৪ নভেম্বর অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যমগুলোতে এর বিস্তারিত প্রকাশিত হয়।
এই নতুন ব্যবস্থায় দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে অতিরিক্ত অভিবাসন কোটা বরাদ্দ দেওয়া হবে। ফলে কানাডার বিভিন্ন প্রদেশে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ অনেকটাই সহজ হবে। তবে কোন প্রদেশ কতজন কর্মীকে মনোনয়ন দেবে, তা সংশ্লিষ্ট অঞ্চলগুলো তাদের স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এই অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া
এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো কানাডায় দীর্ঘদিন ধরে বসবাসরত এবং দেশটির অর্থনীতিতে সরাসরি অবদান রাখা বিদেশি কর্মীদের স্থায়ী করা। স্থানীয় শ্রমবাজারে যেসব পেশার তীব্র চাহিদা রয়েছে এবং যারা প্রাদেশিক মনোনয়ন বা অন্যান্য স্থায়ী বসবাসের কর্মসূচির শর্তাবলি পূরণ করতে পারবেন, তারা এই প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। যোগ্য কর্মীদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। তবে কানাডায় কেবল চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে এই সুযোগ মিলবে না; সরকার এখনো সবার জন্য প্রযোজ্য সুনির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি।
সময়সীমার ক্ষেত্রে আইআরসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চ প্রদেশগুলোর জন্য বরাদ্দ ব্যবহারের সময়সীমা হলেও এটি সাধারণ আবেদনকারীদের জন্য শেষ তারিখ নয়। কারণ প্রদেশভেদে মনোনয়ন ও আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে—কোথাও আগ্রহপত্রের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সরাসরি সহায়তায় আবেদন গ্রহণ করা হয়।
আগে আবেদনকারীদের জন্য সুখবর
নতুন এই পরিকল্পনায় ইতোপূর্বে স্থায়ী বসবাসের আবেদন করে দীর্ঘদিন অপেক্ষায় থাকা বেশ কিছু বিদেশি কর্মীকেও বিবেচনায় নেওয়া হবে। এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখ্য, বন্ধ হয়ে যাওয়া এই কর্মসূচিগুলোতে নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না; বরং আগে থেকেই আবেদন করে রাখা যোগ্য প্রার্থীদের ফাইলগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
উদ্যোগের মূল কারণ ও বৃহত্তর পরিকল্পনা
কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান দক্ষ কর্মীর সংকট নিরসন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা অভিজ্ঞ বিদেশি কর্মীদের দেশটিতে ধরে রাখাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। সরকারের মতে, আগে থেকেই কানাডায় কাজ করছেন এমন দক্ষ কর্মীদের স্থায়ী আবাসনের নিশ্চয়তা দিলে নিয়োগকর্তারাও কর্মী সংকট কাটিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির বার্ষিক লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৯৫ হাজার নির্ধারণ করা হয়েছে।
বৃহত্তর পরিসরে কানাডা সরকার ২০২৭ সালে এককালীন বিশেষ উদ্যোগ হিসেবে মোট ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য ১ লাখ কোটা বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ১ লাখ কোটার মধ্যে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের সদস্যদের জন্য ৪৫ হাজার, হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০ এবং মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০টি সুযোগ সংরক্ষিত রয়েছে। পুরো উদ্যোগটি কেবল নির্ধারিত যোগ্যতা পূরণকারী এবং বর্তমানে কানাডায় অবস্থানরত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: কানাডার সরকারি অভিবাসন বিভাগ (আইআরসিসি)



