মিশরের রাজধানী কায়রোর ওয়াররাক এলাকার রিং রোডে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় পেট্রোল ছড়িয়ে পড়লে মুহূর্তেই আগুনের শিখা আশপাশের একাধিক যানবাহনে ছড়িয়ে পড়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই পরিসংখ্যান নিশ্চিত করেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

বিজ্ঞাপন · inarticle_1

ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয় এবং আহতদের চিকিৎসা তদারকিতে স্বাস্থ্যমন্ত্রী কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেন। উদ্ধারকাজ শেষে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জরুরি সাড়াদানে বিলম্ব, যানবাহনের রক্ষণাবেক্ষণের ঘাটতি ও ট্রাফিক আইন অমান্য করার মতো বিষয়গুলোকে এসব বিপর্যয়ের পেছনে বড় কারণ হিসেবে দেখা হয়।