দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারে সকাল গড়াতেই তৈরি হয় উপচে পড়া ভিড়। বেসরকারি নিরাপত্তারক্ষী ও পুলিশের কড়া পাহারায় টোকেন হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা—যাদের অধিকাংশই মধ্যবয়সী নারী। আর এই বিশাল ভিড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক স্কার্ফ বিক্রেতা, যিনি ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করেই দেশজুড়ে রীতিমতো তারকা বনে গেছেন।

সাধারণত বিক্রেতারা ক্রেতা আকৃষ্ট করতে পণ্যের গুণগান গাইলেও এই বিক্রেতার ধরন সম্পূর্ণ উল্টো। ১০ হাজার ওনে (প্রায় ৬ দশমিক ৮০ মার্কিন ডলার) ছয়টি স্কার্ফ বিক্রি করা এই বিক্রেতা ক্রেতাদের উদ্দেশে রসিকতা করে বলেন, “টাকা নষ্ট করবেন না, এটা আপনাকে মানাবে না।”

বিজ্ঞাপন · inarticle_1

তার এই স্নেহময় স্পষ্টভাষিতা, মজার বিক্রয় কৌশল এবং সুদর্শন চেহারার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। স্থানীয়রা তাকে ভালোবেসে ‘স্কার্ফ আঙ্কেল’ এবং হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামের সঙ্গে মিলিয়ে ‘স্কার্ফরিও’ বলে ডাকছেন। ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার ভিডিওগুলো এরই মধ্যে লাখ লাখ ভিউ অর্জন করেছে।

সিউল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণের ইয়ংগিন শহর থেকে ইউটিউবে ভিডিও দেখে ছুটে আসা লি মি-হোয়া বলেন, “তিনি এখন খুবই বিখ্যাত। এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি।”

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে ১ ঘণ্টা ২০ মিনিট পর স্কার্ফ কিনতে সক্ষম হন লি জি-হিউন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি জানান, ৩০ বছর ধরে তিনি নামদেমুন বাজারে আসেননি। কিন্তু এই বিক্রেতার কথা বলার ভঙ্গি ও আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, “তাকে আমার নিজের ছেলে বা ছোট ভাইয়ের মতো মনে হয়। তাকে উৎসাহ দিতে এসেছিলাম, শেষ পর্যন্ত স্কার্ফ কিনেই ফেললাম।”

তবে অতিরিক্ত জনপ্রিয়তা ও ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বাজার কর্তৃপক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে কয়েকবার দোকান বন্ধ রাখতে হয়েছে এবং পুলিশ ডাকতে হয়েছে। নভেম্বরের শুরুতে ভিড় সামলাতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে এবং দোকান খোলার নির্দিষ্ট সময় ঘোষণা করাও বন্ধ রেখেছেন ওই বিক্রেতা।

এদিকে এই উপচে পড়া ভিড়ে বাজারের রেস্তোরাঁ ও কফি শপগুলোর ব্যবসা বাড়লেও বিপাকে পড়েছেন আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ৩০ বছর ধরে ওই বাজারে জুতা বিক্রি করা মুন নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, দোকানের সামনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তার বেচাকেনা কমে গেছে। মানুষ শুধু ভিডিও করতে ও ওই বিক্রেতাকে দেখতে ভিড় করছে, কিন্তু অন্য দোকান থেকে কিছু কিনছে না।

অন্যদিকে, অতিরিক্ত মানুষের মনোযোগ ও চাপের কারণে মানসিক উদ্বেগের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ‘স্কার্ফরিও’। পাশাপাশি নিজের কারণে আশপাশের ব্যবসায়ীদের অসুবিধা হওয়ায় তিনি তাদের কাছে দুঃখ প্রকাশও করেছেন।