যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে কুকুরের খাঁচায় পুঁতে রাখা ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস ঘটনায় শিশুটির বাবার বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
লেক্সিংটন কাউন্টির শেরিফ ব্রায়ান জে কুনের ভাষ্য অনুযায়ী, ১১ মাস বয়সী শিশু কোয়া শার্পকে গত সোমবার (৯ নভেম্বর) তার বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমার নিজের কাছে নিয়ে যান। এরপর শিশুটি নিখোঁজ হলে ব্যাপক তল্লাশি শুরু হয়। একপর্যায়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মাটি খুঁড়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
শেরিফ কুন জানান, তোয়ালেতে মোড়ানো একটি তারের কুকুরের খাঁচায় ভরে শিশুটিকে প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তার মতে, খাঁচাটি মোড়ানো তোয়ালেটি সম্ভবত ভেতরে একটি বায়ুস্তর তৈরি করেছিল, যার ফলে শিশুটি শ্বাস নিতে পেরেছে। এছাড়া ওই অঞ্চলের শীতল আবহাওয়াও তার বেঁচে থাকতে সহায়তা করে থাকতে পারে। উদ্ধারকৃত শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
উদ্ধারের বিবরণ দিয়ে শেরিফ জানান, মাইকেল কোমারের বাবার মালিকানাধীন একটি বাড়ির কাছে সদ্য মাটি নাড়াচাড়া করা একটি স্থান তদন্ত করছিলেন অনুসন্ধানকারীরা। ঠিক তখনই মাটির নিচ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তারা দ্রুত মাটি খুঁড়ে কোয়াকে বের করে আনেন। প্রাথমিক চিকিৎসার পর মঙ্গলবারই কোয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এখন পরিবারের সদস্যদের হেফাজতে নিরাপদে আছে।
এর আগে সোমবার দুপুরের দিকে কোয়া নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এফবিআই, দমকল কর্মী, ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। সেদিন রাতেই একটি আউটবিল্ডিংয়ে অবস্থান করার সময় চুরির অভিযোগে মাইকেল কোমারকে গ্রেফতার করা হয়।
বুধবার শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মাইকেল কোমারের বিরুদ্ধে খুনের চেষ্টা, শিশুর প্রতি বেআইনি আচরণ, আইনগত হেফাজতে হস্তক্ষেপ এবং চুরির অভিযোগ আনা হয়েছে। জেলের নথি অনুযায়ী, তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
পুলিশ প্রতিবেদন অনুযায়ী, শিশুটির হেফাজত আইনগতভাবে তার মায়ের কাছেই ছিল। কোয়ার মা পুলিশকে জানিয়েছেন, তিনি কোমারকে অল্প সময়ের জন্য—সর্বোচ্চ এক থেকে দুই দিনের জন্য শিশুটিকে রাখতে দিয়েছিলেন। তবে পরবর্তীতে কোমার ফেসবুক মেসেঞ্জারে তাকে হুমকি দিয়েছিলেন যে, তিনি শিশুটিকে আর ফেরত দেবেন না এবং নিজের কাছেই রেখে দেবেন।



