সৌদি আরব, কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশের বিশেষ অনুরোধেই ইরানের ওপর পরবর্তী বড় ধরনের সামরিক হামলা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প জানান, আঞ্চলিক মিত্রদের অনুরোধে তিনি সাময়িকভাবে যুদ্ধ থামিয়ে রেখে বর্তমানে কেবল অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন চায় বর্তমান পরিস্থিতি এই অবস্থাতেই বজায় থাকুক। যদিও মিত্রদের এই কৌশল নিয়ে নিজের দ্বিমতের কথা স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মিত্রদের অনুরোধ না থাকলে তিনি তাৎক্ষণিকভাবে ইরানে বড় হামলা চালাতেন বলে নিশ্চিত করেন। মার্কিন এই নেতার দাবি, সামান্য সুযোগ পেলেই মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়া পেট্রলের দাম বাড়ার কারণে মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের কথা স্বীকার করলেও, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের পক্ষেই নিজের অবস্থান অটল রেখেছেন তিনি।



