নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘মঞ্জিল পরিবহন’-এর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে গেলে ভেতরে থাকা দুই যাত্রী দ্রুত নেমে যান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসচালকের ভাষ্যমতে বাসটিতে মাত্র দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরপরই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। চালকের ধারণা, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে উঠে বাসে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়েন।
পরিদর্শক জুলহাস উদ্দিন আরও জানান, এটি পরিকল্পিত নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।



