দেশের শিল্পাঞ্চলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোতায়েনকৃত বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ২০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন ঢাকা জেলায়। রাজধানীর মিরপুরসহ সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ এবং জামগড়া এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

গাজীপুর জেলার শিল্প এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা এবং বৈশয়া কুড়িবাড়ি এলাকায় তারা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন এবং পুলিশের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।