গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন এখনই অতিরিক্ত বল প্রয়োগের পথে হাঁটছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে বা নতুন করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন, এসআরবি এবং আনসারসহ প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে গোপালগঞ্জের প্রশাসনিক কাঠামোতে ব্যাপক রদবদল আনা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়ার পর সোমবার জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে এবং প্রশাসনের অন্যান্য স্তরের কর্মকর্তাদের বদলির বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

এদিকে, দীর্ঘ দুই বছর পর সোমবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে যায় এবং সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে নেতাকর্মীরা সমাধিসৌধের তিনটি গেট খুলে ভেতরে প্রবেশ করেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ পাঠ করেন। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট দলীয় নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন ও একই ধরনের শপথ নিয়েছিলেন।

রবিবারের সহিংস ঘটনার পর সোমবার সকাল থেকেই গোপালগঞ্জের জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও সাঁজোয়া যানসহ বিজিবির টহল জোরদার করা হয়েছে। ভোর থেকেই সাধারণ মানুষ কাজে বের হয়েছেন, রাস্তায় রিকশা-ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করছে এবং দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে বাহ্যিক পরিবেশ স্বাভাবিক মনে হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।

সোমবার বিকেলে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রবিবারের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও রাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বহিরাগতরা যাতে জেলায় প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অভিযান অব্যাহত রাখবে বলে তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন।