গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কে (ফ্লাইওভার) মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, দুপুরের দিকে সফিপুর উড়ালসড়কের ওপরে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে পৌঁছানোর পর দেখা যায়, উড়ালসড়কের ওপর একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুসহ এক পুরুষ ও এক নারীর নিথর দেহ পড়ে আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং শিশুটি তাদেরই সন্তান। তবে চলন্ত মোটরসাইকেলটি কীভাবে বা কার সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত উড়ালসড়কটিতে কোনো সিসি ক্যামেরা না থাকায় এবং ঘটনার সময় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আধুনিক তথ্যপ্রযুক্তি ও হাইওয়ে মনিটরিংয়ের সহায়তায় দুর্ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের থানাগুলোতে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি পাঠানো হয়েছে। দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে গুরুত্বের সাথে তদন্ত চলছে।



