রাজধানীর পল্লবী এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি বাসের আসন, জানালা ও বডি পুড়ে ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় পার্কিং করে রাখা যানবাহনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্ক করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের বাস দুটি লক্ষ্য করে হঠাৎ আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চম্পট দেয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা বাসে ছড়িয়ে পড়ে। দৃশ্যটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং বালতি ও পাইপে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বাসের ভেতরের ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প পরিবহনের বাসটির আসন, জানালা ও বডির অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের কাচ, আসন ও কভার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী বা কর্মী না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অগ্নিকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করা ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



