ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের জেরে আজ মঙ্গলবারও শিল্পাঞ্চল গাজীপুর ও আশুলিয়ায় মোট ৪৪টি কারখানা বন্ধ রাখা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর এলাকায় ১০টি এবং কোনাবাড়ী এলাকায় ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন।
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নোটিশ ও মৌখিকভাবে আরও ৬টি কারখানা বন্ধ রাখা হয়েছে এবং ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ দেশের ৭টি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন। সভায় মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেন বলে জানা যায়। আর শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২৫ হাজার টাকা করার বিষয়ে সম্মত হয়। তবে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সংবাদ সম্মেলনে প্রস্তাবিত অঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে রাজি হননি এবং গণমাধ্যমে আসা সংখ্যাগুলো সঠিক নয় বলে দাবি করেন।



