পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকল্প ‘গ্রিন সিটি’ থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আবাসিক এলাকার ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর ফ্ল্যাটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বুখিনস্কি ইভগেনি বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’-তে কর্মরত ছিলেন।
পুলিশ ও আবাসিক এলাকা সূত্রে জানা গেছে, সোমবার দীর্ঘ সময় ধরে ওই রুশ নাগরিকের কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রিন সিটির নিরাপত্তাকর্মীরা দ্রুত ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বাথরুমে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই বিদেশি নাগরিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।



