প্রধান বিচারপতির নামে মনগড়া বক্তব্য প্রচারের ঘটনায় সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের তীব্র প্রতিবাদ
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে থাকা ‘এস এম আমিনুজ্জামান ফারুক এবং অন্যান্য বনাম আইসিটি’ মামলার শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশ নেন এবং এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ সংশ্লিষ্ট অন্য আইনজীবীরা এজলাসে উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কারও উপস্থিতি না থাকলেও শুনানি চলাকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কাদের মোল্লার ফাঁসি বা রায় নিয়ে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ সংক্রান্ত মন্তব্য করেছেন বলে গণমাধ্যমে একটি মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়। অথচ বাস্তবে প্রধান বিচারপতি উক্ত শুনানিতে এমন কোনো মন্তব্যই করেননি।
এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ফলে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি হয় এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সর্বোচ্চ আদালত নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা আদালত অবমাননার শামিল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা যদি যথাযথভাবে তথ্যের সত্যতা যাচাই করতেন, তবে এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতো না।
বিষয়টি নিয়ে পৃথক বিবৃতিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, প্রধান বিচারপতি নিছক একজন ব্যক্তি নন; বরং বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের ন্যায্য বিচারপ্রাপ্তির স্বার্থে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রাতিষ্ঠানিক মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার ভাষ্যমতে, প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, খণ্ডিত বা অতিরঞ্জিতভাবে তুলে ধরলে কেবল একজন সাংবিধানিক পদধারীর সম্মানহানিই ঘটে না, বরং মহান এই সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি জনআস্থাও নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
অ্যাটর্নি জেনারেল গণমাধ্যম, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত বা অতিরঞ্জিত তথ্য ছড়িয়েছেন, তাদের অবিলম্বে সেই সংবাদ প্রত্যাহার করে যথাযথ সংশোধনী প্রকাশের মাধ্যমে দায়িত্বশীলতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা উচিত। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এম আমিনুল ইসলাম এক প্রতিবাদ বিবৃতিতে জানান, প্রধান বিচারপতি গণমাধ্যমে আলোচিত বক্তব্যটি দেননি; বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিত রূপে উপস্থাপন করা হয়েছে।



