‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন সব জেলায় গড়ে তোলার আহ্বান; বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জোর

পরিবেশ রক্ষা, সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী বলেন, সব সমস্যার সমাধান শুধু আইন করে করা সম্ভব নয়; বরং সমাজের অনেক জটিল সমস্যার সমাধান সামাজিক উদ্যোগ ও সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় সহজ হয়ে ওঠে।

বিজ্ঞাপন · inarticle_1

সংগঠনটির কাজের প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। তিনি অতীতের প্রেক্ষাপট তুলে ধরে জানান, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে দেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ ভয়ে দিন কাটিয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে এবং সমাজের সম্মানিত মুরুব্বিরা অপদস্থ হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তিত সময়ে এ ধরনের সংগঠন দেশজুড়ে সক্রিয় হলে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার ফিরিয়ে আনা সম্ভব। ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আয় ও ব্যবহার্য সামগ্রী বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ ও বাজার-ঘাটে আবর্জনা জমছে, যা পরিবেশ, জনস্বাস্থ্য এবং মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর। ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের উদ্দেশে তিনি পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং একটি সুশৃঙ্খল ব্যবস্থায় পরিত্যক্ত আবর্জনা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে এলাকা পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। একই সঙ্গে মাদকাসক্তি নিরাময়ে কাউন্সেলিং বা পারিবারিক বিরোধ মীমাংসার মতো করে ঘরে ঘরে গিয়ে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি পরিবারে সদস্যদের জন্মদিনে একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুললে এলাকা ও দেশে বৃক্ষের সংখ্যা বাড়বে। শিশুর শৈশবে তার নামে ২০টি গাছ লাগালে ২০ বছর পর সেগুলো বিক্রি করে ভবিষ্যতের আর্থিক প্রয়োজন মেটানো যেতে পারে বলেও উদাহরণ দেন তিনি। পাশাপাশি বাড়ির আশপাশে বড় গাছ থাকলে পরিবেশ শীতল থাকে, ঝড়-টর্নেডো থেকে ঘরবাড়ি সুরক্ষিত থাকে এবং পাখি ও প্রজাপতির আবাসস্থল সংরক্ষিত হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্বই সংকটে পড়বে সতর্ক করে প্রধানমন্ত্রী এলাকা, দেশ তথা পুরো পৃথিবীকে বাঁচাতে সৃষ্টির সেরা জীব হিসেবে সবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।