দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মাধ্যমে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম আমদানির পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে চালানটি নিরাপদে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রমতে, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে দুটি বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। আজকের এই শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত সকল জ্বালানি সরবরাহের কাজ শেষ হলো।
রাশিয়ার আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট স্থাপন করা হয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে।
জ্বালানি আমদানি সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের কাজও পুরোদমে চলছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে। এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে কারিগরি দিকগুলো যাচাই করা হচ্ছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়। সেদিন টানা সাড়ে আট ঘণ্টারও বেশি সময় ধরে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন স্থগিত করা হয়েছিল।
এই অর্জন প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘ অপেক্ষা ও বহু ধাপের জটিল কারিগরি পরীক্ষা পেরিয়ে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঠিকাদারের কাছ থেকে সাময়িকভাবে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরবর্তীতে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে অপারেটিং সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটির আনুষ্ঠানিক পরিচালনা শুরু করবে।
দীর্ঘ নির্মাণযজ্ঞ, জ্বালানি সরবরাহ এবং নানামুখী কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর কেন্দ্রটি এখন চূড়ান্ত উৎপাদনের দ্বারপ্রান্তে। কেন্দ্রটির দুটি ইউনিট পুরোদমে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।



