রোববারের সহিংসতা ও ভাঙচুরের পর সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দেখা যায়নি।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দাঙ্গা নিয়ন্ত্রণে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চসংখ্যক সদস্যের শরীরে বডি–ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোনের মাধ্যমে সরাসরি ভিডিও সংগ্রহ করে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড় ও বেদগ্রামসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা যায়।

সহিংসতার পর আজ জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং ঢাকা-খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে। শহরের ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, আগের দিন ফল কিনেও বিক্রি করতে পারেননি এবং সব সময় দোকান গুটিয়ে নেওয়ার ভয়ে থাকেন। অন্যদিকে, সাত বছর ধরে গোপালগঞ্জে রিকশা চালানো এনামুল হক জানান, গতকাল কয়েক ঘণ্টা রিকশা বন্ধ রাখলেও আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই চালাচ্ছেন।

এদিকে, রোববারের সহিংসতার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় পুলিশের একটি এপিসি, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এর আগে ১০ নভেম্বরও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। এ ছাড়া রাতে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রোববারের সহিংসতার ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।