খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে কেরোসিন ঢেলে ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই নাশকতার চেষ্টা চালানো হয় বলে সাদিক কায়েম ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করলেও এলাকাবাসীর তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার দাবি অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িটি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা এগিয়ে আসায় তার মা-বাবা বড় বিপদ থেকে রক্ষা পান।
ওই পোস্টে এই হামলার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের দায়ী করে সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ছাত্র-জনতার ওপর হামলা ও ভীতি প্রদর্শন করে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। রাতের আঁধারে এ ধরনের চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না, বরং এটি তাদের আন্দোলন ও লড়াইকে আরও বেগবান করবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সাদিক কায়েমের বাবা আবুল কাশেমের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার খোঁজখবর নেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি, জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটির জেলা শাখা।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, রাত ৩টার পর ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।



