অটোমোবাইল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি বিশেষ এই প্রশিক্ষণ কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সরকারি প্রতিষ্ঠানে বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিক সুবিধাসহ ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একজন মেধাবী শিক্ষার্থীকে এই ইন্টার্নশিপের জন্য মনোনীত করা হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপ কর্মসূচিতে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। মূলত নবীন প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারি দপ্তরের কারিগরি ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সনদ ও কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে, যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাজীবনের ক্ষেত্রে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে যাঁরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু এখনো ফলাফল প্রকাশিত হয়নি (অ্যাপিয়ার্ড), তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণের মূল প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র জমার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং অন্যান্য বিস্তারিত শর্তাবলি জানতে প্রার্থীদের বিআরটিএর নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।