ভারতের পূর্ব হিমালয় অঞ্চলে ক্ষুদ্রাকৃতির শিংওয়ালা ব্যাঙের (হর্নড ফ্রগ) পাঁচটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর ফলে এই বিশেষ গোত্রের পরিচিত প্রজাতির সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হলো। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টানা পাঁচ বছর মাঠপর্যায়ে নিবিড় গবেষণার পর ‘জিঙ্গোফ্রিস’ (Jingophrys) গোত্রের এই নতুন ব্যাঙগুলো শনাক্ত করেন।
গত ১১ নভেম্বর বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’-এ এই যুগান্তকারী গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হলো ‘জিঙ্গোফ্রিস তানোগোগো’ বা শামুকখোর শিংওয়ালা ব্যাঙ। এটিই ভারতের প্রথম কোনো পরিচিত ব্যাঙ এবং নিজ পরিবারের প্রথম সদস্য, যার প্রধান খাদ্যতালিকায় শামুক রয়েছে। অন্য চারটি নতুন প্রজাতি হলো— ‘জিঙ্গোফ্রিস তানিতাত্তি’ (তানি শিংওয়ালা ব্যাঙ), ‘জিঙ্গোফ্রিস সিয়াংজেনসিস’ (সিয়াং শিংওয়ালা ব্যাঙ), ‘জিঙ্গোফ্রিস হার্ডি’ (হার্ডির শিংওয়ালা ব্যাঙ) এবং ‘জিঙ্গোফ্রিস উলারসোনি’ (উ-লারসনের শিংওয়ালা ব্যাঙ)।
গবেষকেরা জানিয়েছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে ব্যাঙের বিবর্তনে হিমালয় পর্বতমালা আগে যতটা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বড় ভূমিকা পালন করেছে। একই সঙ্গে এটি জীববৈচিত্র্যের এক অবহেলিত স্বর্গরাজ্য হিসেবে অঞ্চলটির গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য থেকে শুরু করে আল্পাইন তৃণভূমি পর্যন্ত বিস্তৃত হিমালয়ের অনেক দুর্গম অংশ এখনো পুরোপুরি অনাবিষ্কৃত রয়ে গেছে। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ জীববৈচিত্র্যের দিক থেকে অন্যতম কম গবেষণাকৃত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে, যেখান থেকে এই ক্ষুদ্র ব্যাঙগুলো খুঁজে পাওয়া গেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুলজির গবেষক ও এই অধ্যয়নের প্রধান ড. সোনালি গার্গ বলেন, স্বল্প-গবেষণাকৃত প্রজাতির মধ্যে কীভাবে তাৎপর্যপূর্ণ বিবর্তনীয় পরিবর্তনগুলো অগোচরে থেকে যায়, এই গবেষণা তা স্পষ্টভাবে তুলে ধরেছে। সোনালি গার্গের সঙ্গে এই গবেষণায় আরও যুক্ত ছিলেন তার সহকর্মী জেমস হ্যাংকেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এস ডি বিজু, তাগে তাজো ও রাধাকৃষ্ণ উপাধ্যায় কে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক এস ডি বিজু জানান, নতুন আবিষ্কৃত এই প্রজাতিগুলোর কয়েকটি অত্যন্ত লাজুক ও গোপনীয় স্বভাবের। দুর্গম বনাঞ্চলে কেবল সংক্ষিপ্ত প্রজনন মৌসুমেই এদের দেখা মেলে। তাই এদের জীবনচক্র ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভবিষ্যতে অধিকতর গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।
ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, লাখ লাখ বছর আগে হিমালয় পর্বতমালার উত্থান এবং এশীয় মৌসুমি বায়ু প্রবাহের বিকাশের সাথে সাথে পূর্ব হিমালয়ে এই শিংওয়ালা ব্যাঙগুলো দ্রুত বিভিন্ন প্রজাতিতে বিবর্তিত হয়েছিল, যা অঞ্চলটির উদ্ভিদ ও বন্যপ্রাণীর বিবর্তনকেও প্রভাবিত করেছে।
গবেষকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মাঠপর্যায়ের সহায়তা ও স্থানীয় জ্ঞান ছাড়া এই আবিষ্কার সম্ভব হতো না। তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি প্রজাতির নামকরণও করা হয়েছে। উদাহরণস্বরূপ, অরুণাচলের ‘তানি’ আদিবাসী গোষ্ঠী এবং স্থানীয় আপাতানি ভাষায় ব্যাঙের প্রতিশব্দ ‘তাত্তি’ মিলিয়ে একটি প্রজাতির নাম রাখা হয়েছে ‘জিঙ্গোফ্রিস তানিতাত্তি’।



