প্রারম্ভিক বিকাশ ও বিশেষ শিক্ষায় গৌরবময় দেড় যুগের পথচলা উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার রক্ষা ও প্রারম্ভিক শিশু বিকাশে দীর্ঘ আঠারো বছর ধরে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আনন্দঘন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে “আলোকিত শিশু ১৮-র জয়গান” শীর্ষক এই দিনব্যাপী বার্ষিক আয়োজনে শিক্ষক, অভিভাবক, বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের মিলনমেলা বসে। পুরো আয়োজনজুড়ে ছিল বিশেষ শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের প্রতিভার নান্দনিক প্রকাশ।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আয়োজনে যোগ দেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন। অতিথিরা তাদের বক্তব্যে বিশেষ শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকে ‘আলোকিত শিশু’ বিশেষ শিক্ষা ও প্রারম্ভিক শিশু বিকাশের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং ফিজিওথেরাপির পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ ও আবাসিক সেবা প্রদান করে আসছে। দীর্ঘ এই পথচলায় সমন্বিত এসব সেবার মাধ্যমে হাজারো বিশেষ শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আলোকিত শিশু’ কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, বরং এটি শত শত ভিন্নভাবে সক্ষম শিশুর আত্মনির্ভরশীল হয়ে ওঠার এক অনন্য সংগ্রামের গল্প। ‘১৮-র জয়গান’ উৎসবের মূল লক্ষ্য হলো বিশেষ শিশুদের সুপ্ত সম্ভাবনা ও ন্যায্য অধিকারের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা।