নাৎসি আমলের মালিকানা বিরোধ মিটে যাওয়ার পর ‘শাতানিয়ে আঁ ফ্লর’ নতুন রেকর্ড গড়ল

ডাচ কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) চিত্রকর্মটি গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে নিলামে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ বিক্রিমূল্যের নতুন ইতিহাস তৈরি হলো এবং চলতি নিলাম মৌসুমে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্মের মর্যাদা পেল। ১৮৯০ সালে ভ্যান গঘ তাঁর জীবনের শেষ পর্যায়ে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি এঁকেছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বখ্যাত এই শিল্পকর্মটি কিনে নিয়েছেন শিল্পকর্মের ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারিজের কর্ণধার উইলিয়াম অ্যাকুয়াভেলা। এর আগে নিলামে ভ্যান গঘের চিত্রকর্মের সর্বোচ্চ দাম ছিল ১১৭ দশমিক ২ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টি’সের নিলামে ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ ছবির জন্য উঠেছিল। যদিও বুধবার নিউইয়র্ক টাইমস জানায়, ভ্যান গঘের ১৮৮৮ সালে আঁকা ‘লে জুয়াভ’ ছবিটি এক বছরের কম সময় আগে ক্রিস্টি’সের মাধ্যমে ব্যক্তিগত লেনদেনে প্রায় ১৯০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ফলে নিলামের মঞ্চে নতুন রেকর্ড গড়লেও সার্বিক লেনদেনের হিসেবে তা আগের সেই ব্যক্তিগত বিক্রির কাছাকাছি অবস্থান করছে।

এই চিত্রকর্মটির পেছনে জড়িয়ে আছে এক দীর্ঘ ও জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯০৯ সালে জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার প্যারিস থেকে ছবিটি সংগ্রহ করেছিলেন, যা ১৯৩৬ সালে তাঁর পরিবার বিক্রি করে দেয়। পরবর্তীতে ১৯৭৫ সালে ছবিটি ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের হাতে আসে এবং অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তাদের মালিকানায় ছিল। তবে ফিশারের উত্তরাধিকারীরা ছবিটি নিলামে তোলার বিরোধিতা করে দাবি করেছিলেন যে নাৎসি শাসনামলে আর্থিক সংকট ও ক্ষতির মুখে পড়ায় পরিবারটি ছবিটি বিক্রি করতে বাধ্য হয়েছিল। বার্লিনভিত্তিক আইনজীবী গুনার শনাবেল উত্তরাধিকারীদের পক্ষে সদবি’সের কাছে প্রমাণ চেয়েছিলেন যে সে সময় ছবিটি ন্যায্য বাজারমূল্যেই বিক্রি হয়েছিল কি না এবং তৎকালীন রাজনৈতিক বাস্তবতা না থাকলে পরিবারটি তা বিক্রি করত কি না।

শেষ পর্যন্ত গত মঙ্গলবার সদবি’স জানায়, ছবিটি নিলামে তোলার বিষয়ে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং স্যামুয়েল ফিশারের সব আইনি উত্তরাধিকারীর মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। বিক্রি সম্পন্ন হওয়ার পর আইনজীবী গুনার শনাবেল নিউইয়র্ক টাইমসকে জানান, এই ঘটনার প্রতি মানুষের আগ্রহ এবং দ্রুত ও ন্যায়সংগত সমাধান নাৎসি আমলে নিপীড়নের শিকার অন্য পরিবারগুলোকেও আশাবাদী করতে পারে। অন্যদিকে ফিশার পরিবারের উত্তরাধিকারীরা এক বিবৃতিতে সদবি’স ও ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সহযোগিতার প্রশংসা করে বলেন, এই আলোচনার মধ্য দিয়ে নাৎসি আমলে তাঁদের পরিবারের ওপর নেমে আসা নিপীড়নের স্বীকৃতি মিলেছে।