গাইনি, অ্যানেসথেসিয়া, শিশুস্বাস্থ্য ও মেডিকেল অফিসার পদে অনলাইনে আবেদনের সুযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি ভিন্ন পদে মোট ৯ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে জাতীয় বেতন স্কেলের ৭ম গ্রেডভুক্ত কনসালটেন্ট পদে ৬ জন এবং ৯ম গ্রেডভুক্ত মেডিকেল অফিসার পদে ৩ জন জনবল নেওয়া হবে। কনসালটেন্ট পদে গাইনি অ্যান্ড অবস, অ্যানেসথেসিয়া ও শিশুস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ পাবেন, আর মেডিকেল অফিসার পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কনসালটেন্ট পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং মেডিকেল অফিসার পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে উভয় পদের জন্যই সরকার ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। কনসালটেন্ট পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রির পাশাপাশি মেডিকেল অফিসার হিসেবে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রির পাশাপাশি বিএমডিসির বৈধ নিবন্ধন থাকতে হবে। বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হলেও কনসালটেন্ট পদের প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের ২৪ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু করে ৪ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় সাদা বা নীল ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) ও প্রার্থীর স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কিলোবাইট) নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। উভয় পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি হিসেবে ২২৩ টাকা জমা দিতে হবে।
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের মূল কপি দেখাতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত এক সেট ফটোকপিসহ সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে; তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশন।



