রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
দোকানটির মালিক অমিত ঘোষ ও বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে নিরাপত্তাকর্মীদের অচেতন করার পর চক্রটি নির্বিঘ্নে চুরি সারে। ঘটনার পর থেকেই জুয়েলার্সের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মলের মোট তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় শপিং মলে তিন থেকে পাঁচজনের প্রবেশ এবং আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনের বিরুদ্ধে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করার দৃশ্যও ধরা পড়েছে বলে জানান ম্যানেজার।
ঘটনায় নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানা পুলিশের তথ্যমতে, শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক থাকলেও সন্দেহভাজন হিসেবে অন্য চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



