বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) চারটি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। গত ২৫ নভেম্বর বাপাউবোর মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায় এবং চলবে ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বাপাউবোর নির্ধারিত অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে নিবন্ধন ও আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো হার্ডকপি গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন · inarticle_1

সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০টি শূন্যপদ রয়েছে এবং এর বেতন গ্রেড ৯। এই পদের বেতনস্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, যেখানে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮টি পদ রয়েছে, যার বেতন গ্রেড ১৬ এবং বেতনস্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। এই পদে আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এ ছাড়া নির্মাণকাজে অন্তত ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

হিসাব করণিক পদে মোট পদসংখ্যা ৯৭৫টি এবং বেতন গ্রেড ১৬। এর বেতনস্কেলও ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক পদে ২৮৪টি পদ রয়েছে, যার বেতন গ্রেড ২০ এবং বেতনস্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই যথেষ্ট।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন ফি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনকালে এই অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। আবেদনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে ০২-২২২২৩০৩০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।