ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়াবিজ্ঞান বিভাগে ৫ জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়। এর মধ্যে ৩টি স্থায়ী শূন্য পদ এবং ২টি ছুটিজনিত অস্থায়ী শূন্য পদ রয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এই পদের বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের আবহাওয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ফলিত গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান অথবা অ্যাটমোস্ফিয়ারিক কেমিস্ট্রি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.২৫ জিপিএ থাকা বাধ্যতামূলক। তবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি—যেকোনো একটি পরীক্ষার শর্ত শিথিল করা হতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্মত জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন; তবে প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো নিবন্ধ গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যমানের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ মোট ৮ সেট আবেদনপত্র আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিয়োগসংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট অনুসরণ করতে হবে।



