ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে।
তবে পিটার হাসের এবারের ঢাকা সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি কেবলই তার বর্তমান কর্মস্থলের ব্যবসায়িক সফর, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।
উল্লেখ্য, রাষ্ট্রদূত থাকাকালীন বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বেশ সোচ্চার ছিলেন পিটার হাস। সে সময় নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে তিনি ধারাবাহিকভাবে বৈঠক করেছিলেন। তার এসব কূটনৈতিক তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একাধিকবার আপত্তি জানিয়েছিল এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল। বিপরীতে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। এ ছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলেও মন্তব্য করেছিলেন তিনি।



