শিক্ষা খাতের মানোন্নয়ন, বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে সরকার অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে দেশের গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গবেষণা, কারিগরি শিক্ষা ও পাটশিল্পে নতুন সম্ভাবনা শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর অধীনে ‘হিট’ (HEQEP/HEAT) প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং দেশে বেশ কিছু গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প চলমান আছে। বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার পূর্ণ সক্ষমতা রাখেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানীর স্থান পাওয়া দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবসম্পদকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন · inarticle_1

এছাড়া পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত মূল্যবান হওয়া সত্ত্বেও আমরা পাটজাত পণ্যের বৈচিত্র্য আনতে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারিনি। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগ এবং উদ্ভিদের আঁশ দিয়ে পোশাক তৈরির গবেষণা বাড়াতে হবে। তিনি আরও জানান, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক দেওয়ার পাশাপাশি বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণ ও বিশ্ববিদ্যালয় ভর্তি সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এবার ৫২ শতাংশ পাসের হার আশানুরূপ হয়নি। উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে; যার মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে। খাতা মূল্যায়নের এসব ত্রুটি ও অনিয়মের কারণ অনুসন্ধান করা হবে এবং এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

উচ্চশিক্ষায় আসন সংকটের কোনো শঙ্কা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় ১৫ লাখ, যার বিপরীতে এবার পাস করেছে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সম্মেলনের অন্যান্য অতিথি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।