জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের নতুন তালিকা প্রকাশ করেছে। মর্যাদাপূর্ণ এই প্রকাশনা ‘দ্য মুসলিম ৫০০’-এর রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রক্ষমতায় আসে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশ থেকে এই তালিকায় আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবেই এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে আসছেন।

আরআইএসএসসি-এর প্রকাশনা অনুসারে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয় এবং বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন শাখায় স্থান দেওয়া হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরা র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০