আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে দেশজুড়ে প্রতিদিন ৫২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত বছর রমজানে ৪৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছিল। নতুন এই উদ্যোগের ফলে আরও অতিরিক্ত ৬ লাখ মানুষ টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্যের আওতায় আসবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন · inarticle_1

নতুন এই পরিকল্পনার ফলে টিসিবির মোট উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। বিদ্যমান স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ড নেই এমন সাধারণ ভোক্তাদের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে খোলা বাজারে বিক্রয় বা ওএমএস (OMS) কার্যক্রম জোরদার করার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ গণমাধ্যমকে জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটি নিজস্ব ক্রয় পরিকল্পনা তৈরি করেছে এবং সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, আরও বেশি সংখ্যক সাধারণ ভোক্তার কাছে পৌঁছাতে নিয়মিত স্মার্ট কার্ড কর্মসূচির বাইরেও অতিরিক্ত বিক্রির কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে অতিরিক্ত ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত না হলেও ট্রাক সেলের মাধ্যমে পণ্যের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

রমজানকে সামনে রেখে বড় ক্রয় পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তুলতে বড় ধরনের ক্রয় পরিকল্পনা হাতে নিয়েছে টিসিবি। এই পরিকল্পনার আওতায় দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের সামগ্রিক আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে—

  • ভোজ্যতেল ও সয়াবিন: আলোচিত সময়ে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা গত বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। পাশাপাশি ৮ লাখ ৫ হাজার টন ভোজ্যতেল আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। সয়াবিন আমদানিও ১ লাখ ১৩ হাজার টন বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে।

  • চিনি: চিনি আমদানি ১ লাখ ৫৩ হাজার টন বেড়ে ৬ লাখ ৮৭ হাজার টনে পৌঁছেছে এবং এ সময়ে ৮ লাখ ১০ হাজার টন চিনির এলসি খোলা হয়েছে।

  • ছোলা: ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা আমদানিতে বড় উল্লম্ফন দেখা গেছে। গত বছরের একই সময়ে যেখানে মাত্র ১২ হাজার টন ছোলা আমদানি হয়েছিল, সেখানে এবার আমদানি হয়েছে ৮২ হাজার টন। এছাড়া ১ লাখ ৩৮ হাজার টন ছোলার এলসি খোলা হয়েছে।

  • মসুর ডাল ও খেজুর: মসুর ডাল আমদানি ৬৪ হাজার টন বেড়ে ১ লাখ ২২ হাজার টনে দাঁড়িয়েছে এবং ১ লাখ ১৪ হাজার টনের এলসি খোলা হয়েছে। অন্যদিকে, খেজুর আমদানি গত বছরের ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।

সংশ্লিষ্টদের মতে, টিসিবির বিক্রয় ট্রাকের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত আমদানির প্রস্তুতি এবং সামগ্রিক আমদানি প্রবাহের এই ইতিবাচক চিত্র আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।