রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের ফটকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধারের ঘটনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নজরদারি ও টহল জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের নিচে দুটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলকে জানানো হলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মূল ফটক বন্ধ করে দেন। এতে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিকল্প হিসেবে মসজিদ গেট দিয়ে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

বিমানবন্দরের ফটকে সার্বক্ষণিক সশস্ত্র এপিবিএন সদস্যদের পাহারা থাকা সত্ত্বেও কীভাবে সেখানে গ্রেনেড রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরে নিরাপত্তার স্বার্থে বস্তু দুটি পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করে।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশজুড়ে চলমান নাশকতা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনার প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক সদরদপ্তর থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানান, শাহজালাল ও শাহ মখদুম বিমানবন্দরের বাইরের অংশে ঘটে যাওয়া ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এপিবিএন এবং থানা পুলিশকে যৌথভাবে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ঘটনাগুলো বিমানবন্দরের সীমানার বাইরে ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে এবং বিমানবন্দরের ক্রাইসিস রেসপন্স টিম সব সময় প্রস্তুত রয়েছে।

এদিকে, এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানবন্দরের সীমানার ভেতরে হোক বা বাইরে—এ ধরনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম এবং কাজী ওয়াহেদুল আলম মনে করেন, আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক বার্তা যাওয়া রোধ করতে বিমানবন্দরের ভেতরের পাশাপাশি বহিরাঙ্গনও সম্পূর্ণ সুরক্ষিত রাখা জরুরি।