চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশজুড়ে অন্তত ২০ জন শিক্ষার্থীর আত্মহত্যার উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে ৯ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’।
সংস্থাটির প্রাথমিক প্রতিবেদন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থতা, পরিবারের অতিরিক্ত প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক তীব্র হতাশাই এসব আত্মহত্যার মূল কারণ। এই ঘটনাগুলো দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফলকেন্দ্রিক অতিরিক্ত মানসিক চাপ, ব্যর্থতা মেনে নেওয়ার প্রস্তুতির অভাব এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার সীমাবদ্ধতাকে আবারও প্রকটভাবে সামনে নিয়ে এসেছে।
আঁচল ফাউন্ডেশনের তথ্যমতে, এইচএসসি ফল প্রকাশের পর আত্মহত্যাকারী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫টি ঘটনা ঘটেছে খুলনা বিভাগে—যার মধ্যে সাতক্ষীরায় ২টি এবং মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় ১টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরও ফলাফলজনিত হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ১১ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছিল।
আঁচল ফাউন্ডেশন মনে করে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে। ফল প্রকাশের সময় শুধু পরবর্তী শ্রেণিতে ভর্তির বিষয়টি গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও সমান মনোযোগ দেওয়া জরুরি। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছে বা আশানুরূপ ফল পায়নি, তাদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ কিংবা আচরণগত পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতটি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে:
পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা।
অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারকে সহানুভূতিশীল আচরণ করা এবং কোনো ধরনের অপমান, ভর্ৎসনা, তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকা।
পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিশেষ সহায়তা কার্যক্রম চালু করা।
শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি হেল্পলাইন ব্যবস্থা সম্প্রসারণ করা।
শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করা।
ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা যাতে দ্রুত সহায়তা পেতে পারে, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।



