কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি অভিযোগ করেছেন, হামলার আগে থেকেই তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়ির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন · inarticle_1

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম দাবি করেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এর পরপরই বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগকে সরাসরি দায়ী করে এনসিপির এই নেত্রী বলেন, “আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে। তবে ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা সম্ভব নয়।”

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঢিলেঢালা উল্লেখ করে তিনি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, সংবাদ সম্মেলনের পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে ৭টিই সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পুড়ে দুটি ছাগল ও বেশ কিছু হাঁস-মুরগি মারা গেছে। ওই বাড়িতে নুসরাত তাবাসসুমের একজন কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করতেন।