বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় নবম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার গড় বায়ুমান স্কোর (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৪৫।

বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, ঢাকার এই বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর ফলে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য কিছুটা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

বৃহস্পতিবার সকালের এই তালিকায় ৩৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং।

বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, কোনো শহরের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয়। তবে ১০১ থেকে ১৫০-এর মধ্যে স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে ধারণা দেয়। বাংলাদেশে মূলত পাঁচটি প্রধান দূষণকারী উপাদানের ভিত্তিতে বাতাসের মান নির্ধারণ করা হয়—বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।

উল্লেখ্য, ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে। সাধারণত শীতকালে এই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করে এবং বর্ষাকালে তা কিছুটা কমে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।