বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে নেমে এলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন · inarticle_1

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে যথারীতি কারখানায় প্রবেশ করলেও কাজ শুরু না করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও এর আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার জরুন অঞ্চলে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।