সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় বাগবিতণ্ডার ঘটনার প্রায় ২০ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয়। তবে সরাইল থানায় তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত হয় গত ২২ অক্টোবর রাতে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান। এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুললে উভয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
এদিকে, পৃথক এক ঘটনায় গত ৩০ অক্টোবর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়। পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি কীভাবে আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, নোটিশে তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ বাহিনীতে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিত রাখার জন্য আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া গত বছরের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।



