জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ( ১০ নভেম্বর ) তুরস্কের আনতালিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১০ থেকে ১২ নভেম্বর আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই জলবায়ু মঞ্চে প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং মূল কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান ও দাবি তুলে ধরবেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু সম্মেলনে কার্যকর অংশগ্রহণের পাশাপাশি সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধি ও কর্মকর্তারা।



