বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে দীর্ঘ সময় পর যান চলাচল পুনরায় শুরু হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা যথাসময়ে নিজ নিজ কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন · inarticle_1

উদ্ভূত পরিস্থিতিতে সকাল সাড়ে ১১টার দিকে মৌচাক ও এর আশপাশের অন্তত আট থেকে নয়টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়ক থেকে বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় সৃষ্ট যানজটের কারণে যানবাহনগুলো কিছুটা ধীরগতিতে চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালে মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া, পল্লী বিদ্যুৎ ও জরুন এলাকায় শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।