জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

বিজ্ঞাপন · inarticle_1

এদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তিনি পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন, যেখানে বাড়ির একটি অংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর নিরাপদে বের করে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি মূলত গরু রাখার একটি ঘর। আগুন লাগার পরপরই স্থানীয় প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন এবং নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ঘরের ভেতরে থাকা গবাদিপশু নিরাপদে বের করে নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।