ঢাকা

করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ গঠন এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৯ মে) রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট সংক্রান্ত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনায় আমীর খসরু বলেন, “এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে। এটি একটি সেনসেটিভ ইস্যু, বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়। এটি একটি জিও-স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, যা একটি অন্তর্বর্তী বা অরাজনৈতিক সরকারের নেওয়ার কথা নয়।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দর সম্পর্কেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, একটি নন-পলিটিক্যাল বা ইন্টারিম সরকারের কি এসব বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা প্রয়োজন আছে?”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ জীবন দিয়েছে। মালিকানা ফিরে পাওয়ার আন্দোলনে মানুষ আত্মত্যাগ করেছে। কিন্তু আজকে আমরা সেই আলোচনাকে এড়িয়ে, অন্য সব কিছু নিয়ে ব্যস্ত। এতে আসলে কী প্রমাণ করতে চাইছে বর্তমান সরকার?”

তিনি অভিযোগ করেন, “এই সরকারের ওপর মানুষের প্রত্যাশা খুব বেশি নয়, কারণ এটি একটি সীমিত ক্ষমতার সরকার। জনগণের ম্যান্ডেট না থাকা অবস্থায় তারা না জনমত বুঝতে পারে, না ব্যবসায়িক সমাজের সঙ্কেত ধরতে পারে।”

আমীর খসরু বলেন, “এই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত গণতান্ত্রিক ধারায় ফেরার পথ তৈরি করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে কতটুকু অগ্রগতি হচ্ছে—তা প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত মূল কাজটিতে মনোনিবেশ করা, না যে সিদ্ধান্তগুলো দেশের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স