ঢাকা

সাবেক বিমানবাহিনীর প্রধান ও তার পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের মোট ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকারের দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নানের ৫টি, তাহমিদা বেগমের ৩২টি এবং শেখ লাবিব হান্নানের একটি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে মোট এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ২২২ টাকা জমা রয়েছে।

আবেদনে আরও বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, রাষ্ট্রীয় অর্থের অপচয়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদকের মতে, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ যে কোনো সময় সরিয়ে ফেলা বা স্থানান্তরের ঝুঁকি রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

আদালতের আদেশে এখন থেকে তাঁদের উল্লিখিত ব্যাংক হিসাবগুলোতে কোনো ধরনের লেনদেন করা যাবে না, যতক্ষণ না অনুসন্ধান শেষ হয় অথবা আদালতের পরবর্তী নির্দেশ আসে।

দুদকের এই পদক্ষেপকে দুর্নীতি দমনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স