ঢাকা

১৫ বছরে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত না করলে বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের পুঁজিবাজার একটি ক্যাসিনোতে পরিণত হয়েছে।”

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ ছাড়া কোনো পথ নেই। আর এই বিনিয়োগ আসবে পুঁজিবাজার থেকে। কিন্তু এখানে একদল আসে, খেলাধুলা করে, লুটপাট করে চলে যায়। এভাবে গত ১৫ বছর ধরে বাজার পরিচালিত হয়েছে।”

তিনি আরও বলেন, “পুঁজিবাজারের গুণগত পরিবর্তন দরকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এমন লুটপাট হয়েছে যে, আজ শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। আন্তর্জাতিক বাজার থেকেও তারল্য আনতে হবে।”

আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বাংলাদেশের আর্থিক খাতে বড় সংস্কারগুলো বিএনপির আমলেই হয়েছে। আবারও আমরা ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে খাতগুলোর পুনর্গঠন করব। আমরা ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়াতে চাই। আর এখন আমরা মাত্র ৪ বিলিয়ন ডলারের পেছনে ঘুরছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশ কিভাবে দ্রুত গণতন্ত্র ও নির্বাচনের পথে যাবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে। নির্বাচন শুধু ডিসেম্বরেই নয়, এর আগেও হতে পারে।”

অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “নিয়ন্ত্রক সংস্থার কাঠামো শক্তিশালী না হলে পুঁজিবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। অনিয়ম করে শাস্তি না পেলে তা আবার ঘটবেই।”

সেমিনারে বক্তারা দেশের পুঁজিবাজারকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব করার তাগিদ দেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স