ঢাকা

নারী নেত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
এনসিপি এনসিপি

নারী নেত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অপপ্রচার নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের অংশ।

বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত অডিওকল ফাঁসের ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর আগেও নারী নেত্রীদের টার্গেট করে একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, “এই ধরনের প্রচারণা শুধু নারী নেত্রীদের ব্যক্তিগত মানহানি নয়, বরং তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্রিয় অংশগ্রহণকে অস্বীকার করার অপচেষ্টা। এটি নারীর প্রতি অবমাননা এবং একটি পরিকল্পিত রাজনৈতিক দমননীতির বহিঃপ্রকাশ।”

এনসিপি আরও দাবি করে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নারীরা রাজনৈতিক পরিসরে নিজেদের অবস্থান পুনঃস্থাপন করেছেন। সেই প্রেক্ষাপটে নারীদের বিরুদ্ধে চলমান এ ধরনের অপপ্রচার অভ্যুত্থানের মূল চেতনা ও আদর্শেরও পরিপন্থী।

বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, “ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নেওয়া কিছু দল ও জোটের মধ্য থেকেও কেউ কেউ এই হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।”

এনসিপি জানায়, দলটি শুরু থেকেই রাজনৈতিক পরিসরে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে আসছে। নারী নেতৃত্বের বিকাশে এই ভূমিকা অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, “এনসিপি নারী নেত্রীদের বিরুদ্ধে চলমান সকল কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র প্রতিবাদ জানায়। এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে দলটি অনলাইন ও অফলাইনে জড়িত সকল ব্যক্তি এবং সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে এর মোকাবিলা করবে।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স